

আনিয়া বলেন, ‘২ নভেম্বর (সোমবার) থেকে আমার সেমিস্টার ফাইনাল
জিনিসপত্র গোছাব কখন, যাব কীভাবে, কোথায় যাব? এসব বলার পর বাড়িওয়ালার স্ত্রী বলেন, কিছু করার নেই। যদি ধরা পড়ে যাই, আমাদের বাসা বাতিল হতে পারে, আমার স্বামীর চাকরি নিয়ে সমস্যা হতে পারে।’
গতকাল শনিবার আজিমপুর সরকারি কলোনিতে সাবলেটে থাকা শিক্ষার্থীদের বাসা ছাড়তে দেখা যায়। সরকারি আবাসন পরিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ৩১ অক্টোবরের পর সরকারি ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসা বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী নতুন বাসা না পেয়ে বিপাকে পড়েছেন।
সারা রাত চেষ্টা করেও ট্রাক পাওয়া যায়নি
আনিয়া জানান, মাসের শুরুতেই তিনি বাসাভাড়া অগ্রিম দিয়েছিলেন। অথচ তাঁকে বাসা ছাড়ার জন্য কার্যত এক দিনের সময় দেওয়া হয়। ঢাকায় একা থাকা এই শিক্ষার্থীর জিনিসপত্রও ছিল অনেক। পরিবেশনা কলার শিক্ষার্থী হওয়ায় নাটকের কাজের বিভিন্ন সরঞ্জামও তাঁকে সরাতে হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি কখনো ট্রাক ম্যানেজ করিনি। জানি না কীভাবে কী করতে হয়। সারা রাত তিন-চারটা অ্যাপে চেষ্টা করেও ট্রাক পাইনি।’