
২১ বছর আমি একতার সম্পাদক হিসেবে কাজ করেছি। তারপর নানা সময়ে বেশ কয়েকটি পত্রপত্রিকায় কাজ করেছি। প্রদায়ক হিসেবে, কলামলেখক হিসেবে—সত্তর ও আশির দশকে দৈনিক সংবাদ, আজকের কাগজ, সাপ্তাহিক সচিত্র সন্ধানী, খবরের কাগজ, মূলধারা এবং ইংরেজি সাপ্তাহিক ঢাকা কুরিয়ার ইত্যাদি পত্রিকায়। ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে ভোরের কাগজ–এ কাজ শুরু করি সম্পাদক হিসেবে। ছয় বছরের বেশি সময় ধরে ভোরের কাগজ পত্রিকাটিতে নতুন সময়ে নতুন চিন্তায় সাংবাদিকতা করেছি। তারপর ১৯৯৮ সালের ৪ নভেম্বর আমরা শুরু করি প্রথম আলো।

দৈনিক সংবাদ–এর সঙ্গে আমার সরাসরি যোগাযোগ ষাটের দশকের শুরু থেকে। তবে ১৯৫৪ সাল থেকে আমি দেয়ালে সাঁটানো সংবাদ–এর পাঠক। বাসায় রাখা হতো দৈনিক আজাদ
আমার প্রধান আগ্রহের বিষয় ছিল খেলার খবর। সংবাদ অফিস তখন ছিল পুরান ঢাকার বংশাল রোডে। আমরা থাকতাম বংশালেই। ষাটের দশকে সংবাদ–এ কবিতা লিখেছি, ফিচার লিখেছি। সেই হিসাব ধরলে আমার সাংবাদিকতা বা লেখালেখির বয়স ৬৩ বছরের বেশিই হয়ে যায়।